Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ মে ২০২৬
০৩:৫১ অপরাহ্ন

বাগমারায় মাদক কারবারীদের হামলায় ১০ জন আহত

রাজশাহী প্রতিনিধি:- 10 injured in attack by drug dealers

রাজশাহীর বাগমারায় মাদক ব্যবসায়ীকে আটক করাকে কেন্দ্র করে মাদক কারবারীদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আদিবাসীপাড়া এলাকায়। ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতদের মধ্যে রয়েছেন মহব্বতপুর গ্রামের আশরাফ আলী চৌধুরী (৫৮), জয়েন উদ্দীন (৪৫), আব্দুল মান্নান (২২) ও ইসলাফিল হোসেন (২০)।

স্থানীয়দের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র প্রকাশ্যে বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদক বিক্রি করে আসছিল। তাদের অভিযোগ, মাদক ব্যবসার পাশাপাশি সেখানে অসামাজিক কার্যকলাপও পরিচালিত হতো। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে এলাকার কয়েকশ’ মানুষ একত্র হয়ে ওই স্থান থেকে মাদক ব্যবসা উচ্ছেদ করে। এরপর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও পরবর্তীতে আবারও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম শুরু হয় বলে অভিযোগ ওঠে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে মাদকসহ আটক করা হয় বলে দাবি করেন স্থানীয়রা। পরে ঘটনাটি কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন আহত হন।

স্থানীয়রা জানান, মসজিদের মাইকে বিষয়টি প্রচার হলে এলাকাবাসী একত্রিত হয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত আশরাফ আলী চৌধুরী অভিযোগ করে বলেন, সময়মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলার ঘটনা এড়ানো যেত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন, মাসুদ রানা ও আব্দুল মান্নানসহ অনেকে অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news