
রাজধানীর মুগদা থানাধীন মান্ডা এলাকার একটি ভবনের বেজমেন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন ৭ টুকরো খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার(১৭মে) দুপুরের দিকে কালো একটি পলিথিনের ভেতর থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তবে লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মান্ডা এলাকার প্রথম গলির একটি তিনতলা ভবনের নিচে বেজমেন্টে বর্জ্য রাখার জন্য তৈরি স্থানে পলিথিনের ভিতর বস্তাবন্দি টুকরো লাশ পড়ে ছিল। তবে কবে লাশ সেখানে ফেলা হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। ভবনটিতে বসবাসরত লোকজন বেলা সাড়ে ১২ টার দিকে দুর্গন্ধ পেলে এর উৎস খুঁজতে গিয়ে বস্তাবন্দি লাশ দেখতে পান। তারপর এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানানোর পর মুগদা থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে বস্তা খুলে লাশ উদ্ধার করে। তবে মাথা পাওয়া যায়নি। কে বা কারা এই লাশ সেখানে ফেলে রেখেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট ঘটনাস্থলের আলামত সংগ্রহ করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) লাশের আঙুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্তের চেষ্টা করে। কিন্তু পরিচয় মেলেনি। লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা রয়েছে।
মুগদা থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে অন্তত ৬ দিন আগে হত্যার পর লাশ টুকরো করে পলিথিনের বস্তায় রাখা হয়েছে। মাথা উদ্ধারের চেষ্টা চলছে। লাশের বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে তদন্ত চলছে।