Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

‘ছেলেদের সঠিকভাবে গড়ে তোলা হলে মেয়েরা নিরাপদ থাকবে’

অনলাইন ডেস্ক 'If boys are raised properly, girls will be safe'

বলিউড অভিনেত্রী শেফালি শাহ মাতৃত্ব এবং সন্তানদের বড় করার বিষয়ে কথা বলেছেন। লিলি সিংয়ের পডকাস্টে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল এমন এক সময়ে যখন সমাজে 'আলফা মেল' নিয়ে তুমুল বিতর্ক চলছে, তখন তিনি কীভাবে তার দুই ছেলেকে বড় করে তুলছেন। 

মাতৃত্ব এবং সন্তানদের সঠিক মূল্যবোধ দিয়ে গড়ে তোলার বিষয়ে নিজের অকপট ও দৃঢ় মতামত প্রকাশ করেছেন তিনি। পরিচালক বিপুল অমৃতলাল শাহ ও শেফালি শাহ দম্পতির দুই ছেলে আর্যমান শাহ এবং মৌর্য শাহ। 

ছেলেদের মধ্যে সুশিক্ষা ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমাদের ছেলেদের যদি সঠিকভাবে গড়ে তোলা হয়, তবেই আমাদের মেয়েরা নিরাপদ থাকবে। আমি একটা সহজ মূলমন্ত্র খুঁজে পেয়েছি যা আমার ছেলেদের শিখিয়েছি, এবং আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।’ 

‘তা হলো তুমি নিজে অন্যদের কাছ থেকে যেমন আচরণ আশা করো, ঠিক তেমনই আচরণ তুমিও অন্যদের সঙ্গে করো। বিষয়‌টি এতটাই সহজ-সরল, এর চেয়ে বেশিও কিছু নয়, কমও কিছু নয়। বাকি যা কিছু তা কেবলই অহেতুক শোরগোল। তুমি কি নিজে এমন আচরণের শিকার হতে চাইবে? যদি না চাও, তাহলে অন্য কোনো মানুষের সঙ্গেও তেমন আচরণ করা উচিত নয়।’

ছেলেদের ভবিষ্যৎ নিয়ে শেফালি বলেন, ‘আমি মা হিসেবে সফল হয়েছি কি না, সেটা কেবল তখনই জানতে পারব যখন ওদের বয়স ৩০ হবে। তারা এখন বড় হচ্ছে, তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। সাধারণত এই বয়সে সন্তানরা বাবা-মার সব কথা খণ্ডন করতে চায় এবং প্রতিটা বিষয়ে প্রশ্ন তোলে। এটা এক ধরনের মানসিক দ্বন্দ্ব।’

তার কথায়, ‘তারা যদি কখনো খারাপ আচরণ করে, তবে আমি তার দায়ভার নেব না। মা হিসেবে আমি তা নিতে পারি না। আমি আমার সাধ্যমতো সেরাটা দিয়ে তাদের শিখিয়েছি। কিন্তু যখনই কোনো সন্তান খারাপ আচরণ করে, তখন মনে রাখতে হবে যে, ওই মানুষটির নিজস্ব একটি মন ও স্বাধীন চিন্তা আছে। আমি আমার দিক থেকে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছি এবং আমার বিশ্বাস, ওদের আমি মোটামুটি ভদ্র মানুষ হিসেবেই গড়ে তুলতে পেরেছি।’




এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news