Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৯ মে ২০২৬ | ০৭:২১ অপরাহ্ন

এসএসসির খাতা শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন : টাঙ্গাইলে শিক্ষককে শোকজ

অনলাইন ডেস্ক ১৯ মে ২০২৬

চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র (ওএমআর) মূল্যায়নে চরম দায়িত্বহীনতা ও অবহেলার অভিযোগে টাঙ্গাইলের এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। অভিযুক্ত শিক্ষকের নাম মো. সাইফুল ইসলাম। তিনি টাঙ্গাইলের বহুরিয়া চতল বাইদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

বোর্ডের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।

নোটিশে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কেন চূড়ান্ত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার লিখিত জবাব আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের (বিষয় কোড-১০৭) উত্তরপত্র মূল্যায়নের সময় শিক্ষক সাইফুল ইসলাম নিজে দায়িত্ব পালন না করে শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করান। এই ঘটনার একটি ভিডিও ও স্থির চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা বোর্ডের নজরে আসে। পরবর্তীতে বোর্ডের প্রাথমিক তদন্তেও এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।

শিক্ষা বোর্ড মনে করে, একজন শিক্ষকের এমন অনভিপ্রেত ও দায়িত্বহীন কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং সাধারণ পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নোটিশে বোর্ডের পক্ষ থেকে কঠোরভাবে সতর্ক করে বলা হয়, পাবলিক পরীক্ষার উত্তরপত্র নির্ধারিত প্রধান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট করানো, খাতা পূরণ বা মূল্যায়ন করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।



এসআইএল/বিবিএন

সংগৃহীত ছবি