Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ মে ২০২৬
০১:১৯ অপরাহ্ন

ওমান প্রবাসী ৪ ভাইয়ের মরদেহ বাড়িতে পৌঁছেছে

অনলাইন ডেস্ক Bodies of 4 brothers from Oman found

ওমানে গাড়ির ভেতর এসি এক্সজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে মর্মান্তিক মৃত্যুর শিকার রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের মরদেহ অবশেষে দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে মরদেহ গ্রহণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। মরদেহ হস্তান্তরের সময় তিনি লাশবাহী গাড়ির কফিনের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

হুম্মাম কাদের জানান, প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেলেও পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে যে, গাড়ির ত্রুটিপূর্ণ এয়ারকন্ডিশনিং (এসি) সিস্টেম থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের কারণেই চার ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত চার রেমিট্যান্স যোদ্ধা হলেন শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম।

সাধারণত বিদেশ থেকে মরদেহ দেশে আনা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হলেও, এবার মাত্র চার দিনের মাথায় সব আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এ বিষয়ে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল আজিমের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে হুম্মাম কাদের চৌধুরী বলেন, তার সঙ্গে আমাদের প্রতিদিন যোগাযোগ ছিল। তাদের আন্তরিক প্রচেষ্টায় এত দ্রুত ভাইদের মরদেহ আমরা স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি।’

দ্রুত সহযোগিতার জন্য তিনি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানান। তিনি জানান, সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের প্রতি পরিবারকে দাফন ও পরিবহন খরচ বাবদ ৩৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে, যেন নির্বিঘ্নে মরদেহগুলো রাঙ্গুনিয়াতে নিয়ে যাওয়া যায়।

সবশেষে তিনি রাঙ্গুনিয়াবাসীসহ দেশবাসীকে নিহত চার ভাইয়ের জন্য দোয়া করার অনুরোধ জানান এবং প্রবাসীদের যে কোনো সংকটে ভবিষ্যতেও এভাবে সরকারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য আজ বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের বন্দেরাজাপাড়া এলাকায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের মাঠে তাদের চার ভাইয়ের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই তাদের জন্য বন্দেরাজাপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে পাশাপাশি চারটি কবর খনন করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ মে) রাতে ওমানের মুলাদ্দাহ এলাকায় কেনাকাটা শেষে একটি ক্লিনিকের সামনে পার্কিং করা গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন চার ভাই। ধারণা করা হচ্ছে, গাড়ির এসির এক্সজস্ট থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

পাঁচ ভাইয়ের সংসারে দুজন ছিলেন বিবাহিত। বাকি তিনজনের মধ্যে দুই ভাইয়ের বিয়ের প্রস্তুতিও প্রায় শেষ হয়েছিল। কিন্তু প্রবাসের মাটিতে এক রাতেই নিভে গেল স্বপ্ন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news