ভারতে মুসলিম নির্যাতন এবং আলোচিত রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজশাহীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্টে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন এবং অবিলম্বে রামিসা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সম্মানিত সভাপতি মুফতী জুবায়ের আহমদ জমিরী। তিনি তার বক্তব্যে বলেন, মুসলমানদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এসময় বক্তব্য দেন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মুফতি নাজমুল ইসলাম পীরজাদা। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী জেলার সাধারণ সম্পাদক হাফেজ ইয়াসিন আলী সাহেব, মহানগরের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদ শেখ এবং এলডিবি পার্টির রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান ডাবলু। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ গণমিছিল বের করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং মুসলিম নির্যাতন বন্ধ ও রামিসা হত্যার বিচার দাবি করেন।