Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৫ মে ২০২৬ | ১২:৩৩ অপরাহ্ন

সোলার প্যানেলের ওপর কর প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৫ মে ২০২৬

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং সোলার পণ্যের ওপর থেকে কর ও শুল্ক প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও জনসমাগম অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে পৌরসভার সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট আব্দুস শুক্কুর, অ্যাডভোকেট মফিজুল আলম, স্টুডেন্টস’ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফ উল্লাহ, ছাত্রনেতা হুমায়ুন কবির হিমু, রাখাইন টেকসই উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মংথেলা রাখাইন এবং শ্রমিক নেতা আসাদুল হক। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্টস’ প্ল্যাটফর্মের পরিচালক মিজানুর রহমান বাহাদুর।

সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর বিদ্যমান কর ও শুল্ক প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে সংশপ্তক কক্সবাজার, ক্লিন (CLEAN) এবং বিডাব্লিউজিইডি (BWGED)।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে চলমান জ্বালানি সংকট ও বিদ্যুতের ক্রমবর্ধমান ব্যয় সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। আমদানিনির্ভর জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ফলে সরকারের ভর্তুকির চাপ যেমন বাড়ছে, তেমনি ধারাবাহিকভাবে বাড়ছে বিদ্যুতের মূল্যও। সম্প্রতি বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রস্তাব পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলে মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি হিসেবে রুফটপ সোলার বর্তমানে সময়ের অন্যতম কার্যকর সমাধান। কিন্তু উচ্চ কর ও আমদানি শুল্কের কারণে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি এবং অন্যান্য যন্ত্রাংশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে।

তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতকে অগ্রাধিকার দেওয়া এখন সময়ের দাবি। এ খাতে কর অবকাশ, সহজ ঋণ সুবিধা ও সরকারি প্রণোদনা নিশ্চিত করা হলে সাধারণ মানুষ উপকৃত হওয়ার পাশাপাশি জাতীয় জ্বালানি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে।

মানববন্ধনে পরিবেশকর্মী, শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

বক্তারা আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সোলার পণ্যের ওপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহারের দাবি জানান।


সোলার পণ্যের ওপর থেকে কর ও শুল্ক প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন ও জনসমাগম অনুষ্ঠিত হয়েছে।