Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঈদযাত্রায় ২৬ রুটে ৫.৬২ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়

অনলাইন ডেস্ক যাত্রী কল্যাণ সমিতির দাবি 5.62 crore taka on 26 routes for Eid journey

ঈদযাত্রায় ২৬টি রুটে বাসে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি আদায় হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ঈদযাত্রায় ভাড়া নৈরাজ্য ও যাত্রীদের দুর্ভোগ নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন।

বার্তায় বলা হয়, বাস মালিক সমিতি প্রতিশ্রুতি অনুযায়ী অতিরিক্ত ভাড়া না নেয়ার ঘোষণা দিলেও রাজধানীসহ সারাদেশে সিটি সার্ভিস ও দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা দেখা গেছে। নৌপথেও একই ধরনের পরিস্থিতি দেখা গেলেও সরকার ও বাস মালিক সমিতি এসব অভিযোগ অস্বীকার করছে। এর ফলে বৃষ্টি-বাদল ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ঈদযাত্রা আরও দুর্ভোগপূর্ণ হয়ে উঠেছে বলে দাবি করা হয়।

সংগঠনটির পর্যবেক্ষণে বলা হয়, পরিবহন শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস কার্যকর না থাকা এবং পরিবহন খাতে সুশৃঙ্খল ব্যবস্থাপনার অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। চালক ও হেলপারদের অভিযোগ, তারা এ ধরনের নৈরাজ্যে বাধ্য হচ্ছেন।

এবারের ঈদে সারাদেশে প্রায় সাড়ে আটশ দূরপাল্লার রুটের মধ্যে ২৭টি রুট পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে ২৬টি রুটে ২ লাখ ৩৪ হাজার যাত্রীর কাছ থেকে ৫ কোটি ৬১ লাখ ৯৩ হাজার টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে বলে দাবি করা হয়।

এছাড়া বলা হয়, এবারের ঈদযাত্রায় ঢাকা থেকে প্রায় ৯৫ লাখ যাত্রী সারাদেশে যাতায়াত করেছে। পাশাপাশি আন্তঃজেলা পর্যায়ে আরও প্রায় ৩ কোটি ট্রিপ যাত্রী যাতায়াত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পর্যবেক্ষণে বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়ার উদাহরণও দেয়া হয়। এর মধ্যে রয়েছে- ঢাকা-খুলনা রুটে ৫৪১ টাকার ভাড়া ১০০০ টাকা, ঢাকা-বরিশাল ৫৯২ টাকার ভাড়া ৮৫০ টাকা, ঢাকা-পটুয়াখালী ৫৭০ টাকার ভাড়া ১০০০ টাকা, ঢাকা-শরীয়তপুর ২৩৩ টাকার ভাড়া ৫০০ টাকা, চট্টগ্রাম-বরগুনা ১১৯৭ টাকার ভাড়া ১৮০০ টাকা, ঢাকা-মাদারীপুর ২৫০ টাকার ভাড়া ৫০০ টাকা, ঢাকা-গোপালগঞ্জ ৫২০ টাকার ভাড়া ৭০০ টাকা, ঢাকা-ফরিদপুর ৩০০ টাকার ভাড়া ৫০০ টাকা, ঢাকা-যশোর ৫০০ টাকার ভাড়া ৬০০ টাকা, ঢাকা-শিবচর ২০০ টাকার ভাড়া ৩৫০ টাকা, ঢাকা-ঝালকাঠি ৬০০ টাকার ভাড়া ৭০০ টাকা, ঢাকা-ঝিনাইদহ ৫০১ টাকার ভাড়া ৮৩০ টাকা, ঢাকা-মাগুরা ৬৫০ টাকার ভাড়া ৮০০ টাকা, ঢাকা-কুষ্টিয়া ৭৫০ টাকার ভাড়া ৮০০ টাকা, ঢাকা-দিনাজপুর ৬০০ টাকার ভাড়া ৯০০ টাকা, চট্টগ্রাম-বগুড়া ১০০০ টাকার ভাড়া ১৮০০ টাকা, চট্টগ্রাম-গাইবান্ধা ১১০০ টাকার ভাড়া ২২০০ টাকা, ঢাকা-চট্টগ্রাম ৫৫২ টাকার ভাড়া ৮০০ টাকা, ঢাকা-চুয়াডাঙ্গা ৭০০ টাকার ভাড়া ৮৫০ টাকা, ঢাকা-ভাঙ্গা ২০০ টাকার ভাড়া ৪০০ টাকা, ঢাকা-নড়াইল ৩৮৬ টাকার ভাড়া ৫০০ টাকা, ঢাকা-ফেনী ৪৪০ টাকার ভাড়া ৬০০ টাকা, ঢাকা-কুমিল্লা ৩০০ টাকার ভাড়া ৪০০ টাকা, ঢাকা-টেকেরহাট ৩০০ টাকার ভাড়া ৪০০ টাকা এবং ঢাকা-পিরোজপুর ৫৯০ টাকার ভাড়া ৭০০ টাকা।

পর্যবেক্ষণে আরও বলা হয়, কিছু বাসে ৫২ আসনের বাসে ভাড়ার তালিকা পরিবর্তন করে ৪০ আসনের তালিকা ব্যবহার করা হয়েছে। এছাড়া স্বল্প দূরত্বের যাত্রীদের ক্ষেত্রেও সর্বশেষ গন্তব্যের ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

তবে সংগঠনটি জানায়, সরকারের কঠোর অবস্থান এবং বাস মালিক সমিতির তৎপরতার কারণে বিগত ঈদুল ফিতরের তুলনায় এবারের ঈদে অতিরিক্ত ভাড়া কিছুটা কম হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতি মনে করে, এই অতিরিক্ত ভাড়া নৈরাজ্যের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি, চাঁদাবাজি, সামাজিক অস্থিরতা, অনিয়ম-দুর্নীতি, পরিবহন বিশৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা বাড়ছে। ফলে নিম্নআয়ের মানুষ বাসের ছাদে, ট্রেনের ছাদে, পণ্যবাহী ট্রাকে বা খোলা ট্রাকে কম ভাড়ায় যাতায়াতে বাধ্য হচ্ছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গণপরিবহনে ডিজিটাল লেনদেনে ভাড়া আদায়, নগদ টাকার লেনদেন বন্ধ, চালকদের বেতন ও ঈদ বোনাস নিশ্চিত করা, সড়ক-মহাসড়কে সিসি ক্যামেরার মাধ্যমে ই-প্রসিকিউশন চালু করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ঈদযাত্রা মনিটরিং কমিটি থেকে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনকে বাদ দিয়ে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news