Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শাকিবের ‘রকস্টার’ নিয়ে ধৈর্য ধরতে বলল স্টার সিনেপ্লেক্স

অনলাইন ডেস্ক Star Cineplex

আসন্ন ঈদুল আজহায় দেশের বড়পর্দায় মুক্তির তালিকায় থাকা আলোচিত সিনেমা ‘রকস্টার’। রাত পোহালেই মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত এই সিনেমা। সেইসঙ্গে দর্শকদের মাঝে দেখা যাচ্ছে বেশ উচ্ছ্বাস; দেখা দিয়েছে আগাম টিকিট কাটার আগ্রহ। কিন্তু শেষ মুহূর্তে এসে যেন এক দুঃসংবাদই দিল স্টার সিনেপ্লেক্স। 

মূলত, কনটেন্ট ফাইল জটিলতায় আটকে গেছে সিনেমাটির স্টার সিনেপ্লেক্সের প্রদর্শনী। তবে শুধু শাকিবের ‘রকস্টার’-ই নয়, তালিকায় রয়েছে ঈদের আরও এক সিনেমা ‘মাসুদ রানা’। 

বুধবার (২৭ মে) স্টার সিনেপ্লেক্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দর্শকদের জন্য একটি জরুরি নোটিশের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘রকস্টার’ এবং ‘মাসুদ রানা’ সিনেমা দুটির কনটেন্ট ফাইল এখনো স্টার সিনেপ্লেক্সের কাছে এসে পৌঁছায়নি। আর এই ফাইল না পাওয়ার কারণে বর্তমানে ছবি দুটির শোর সময়সূচি প্রকাশ করা কিংবা অগ্রিম টিকিট বিক্রি শুরু করা কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হচ্ছে না। 

এই জটিলতার জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের বিবৃতি, আপনাদের ধৈর্য এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। পরবর্তী ঘোষণার জন্য অনুগ্রহ করে আমাদের অফিশিয়াল প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখুন।

ঈদের ঠিক আগমুহূর্তে হল বুকিং ও টিকিট বিক্রির এমন ভরা মৌসুমে সিনেমা দুটির ফাইল সময়মতো পৌঁছাতে না পারা প্রযোজনা ও পরিবেশনা সংস্থার বড় একটি গাফিলতি হিসেবে দেখছেন সিনেপ্রেমীরা। আবার কেউ কেউ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকেও সন্দেহের দিকে রেখেছেন। যদিও একই দিনে ‘রকস্টার’ সিনেমার পোস্টার শেয়ার করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছিল, এই ঈদুল আজহায় বড় পর্দায় আসছে ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমা প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্স-এ।

তবে এই জটিলতা দ্রুত কেটে না উঠলে ঈদের উৎসবমুখর সময়ে সিনেমা দুটি বড় অঙ্কের দর্শক খরায় পড়তে পারে বলেও মনে করছেন অনেকে।


এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news