Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ মে ২০২৬
১২:৪১ অপরাহ্ন

আদ-দ্বীনে শিশু মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা আগামী ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক Sakhawat Hossain Bakul

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো নেওয়া সম্ভব হয়নি। তাই তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে এবং আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে। কারণ সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি। তাদের বক্তব্য অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।’

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে হাসপাতালের ওই ওয়ার্ডে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা এসি বন্ধ ছিল এবং এ সময় কোনো বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।’

এর আগে গত বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত না করার জন্য পরিবারের আবেদনের পর ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রমনা থানায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news