Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ৩০ মে ২০২৬ | ০৫:০২ অপরাহ্ন

শহীদ জিয়ার আদর্শে মানুষের মুখে হাসি ফোটানো হবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক ৩০ মে ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এদেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশব্যাপী অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন দেশের সাধারণ ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন সংকটে বাংলাদেশের আলোকবর্তিকা।

আজকে আমরা তাঁর শাহাদাত বার্ষিকীতে কেবল তাঁকে স্মরণই করছি না, বরং তাঁর দেখানো জনকল্যাণমুখী ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নিজেদের নিয়োজিত করার শপথ নিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি কোণায় যাতে কোনো মানুষ ক্ষুধার্ত বা বস্ত্রহীন না থাকে, সরকার সেই লক্ষ্যেই দিনরাত কাজ করে যাচ্ছে।

অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব।

দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানাসহ দেশের বিভিন্ন ইউনিটে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের এই মানবিক কর্মসূচি একযোগে পরিচালিত হয়।

এর আগে সকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলানিউজ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।--সংগৃহীত ছবি