Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ জুন ২০২৬
১২:২৪ অপরাহ্ন

ঈদযাত্রায় পদ্মা-যমুনা সেতু থেকে ১০ দিনে ৬৪ কোটি টাকা আয়

অনলাইন ডেস্ক Income of 64 crore taka

ঈদুল আজহাকে ঘিরে গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে প্রায় ৬ লাখ ৮০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এ সময়ে দুই সেতু থেকে মোট টোল আদায় হয়েছে প্রায় ৬৪ কোটি টাকা।

রোববার (৩১ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। একই সময়ে যমুনা সেতু দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন চলাচল করে, যা থেকে টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

সব মিলিয়ে এ সময়ে দুই সেতু দিয়ে মোট ৬ লাখ ৭৯ হাজার ৯৯৭টি যানবাহন পারাপার হয়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সেতু বিভাগের সচিব ও সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে নেওয়া পরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার কারণে পদ্মা ও যমুনা সেতুতে যান চলাচল স্বাভাবিক ছিল।

তিনি আরও বলেন, বিগত বছরের তুলনায় এবার যানবাহনের চাপ বেশি থাকলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজট হয়নি। সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় ঈদযাত্রা স্বস্তিদায়ক ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news