Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০১ জুন ২০২৬ | ০৪:১৯ অপরাহ্ন

মোবাইল-মাউসের অতিরিক্ত ব্যবহারে কবজি ব্যথা?

অনলাইন ডেস্ক ০১ জুন ২০২৬

অফিসে দীর্ঘ সময় কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে কাজ করা, এরপর মোবাইল হাতে রেখে দীর্ঘক্ষণ ব্যবহার, সব মিলিয়ে অনেকেরই এখন কবজি ও হাতে ব্যথা দেখা দিচ্ছে। পাশাপাশি ঘরের কাজের চাপও থাকায় সমস্যা আরও বাড়ছে।

দীর্ঘ সময় মাউস ব্যবহারের কারণেও কবজিতে টান ধরা বা যন্ত্রণা হওয়ার অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় আঙুল অবশ হয়ে যাওয়া, মুঠো করে কিছু ধরতে কষ্ট হওয়া কিংবা হাতে কাঁপুনি দেখা দিলে তা ‘কারপাল টানেল সিনড্রোম’র লক্ষণ হতে পারে।

এটি মূলত দীর্ঘ সময় একভাবে হাত ব্যবহার করার কারণে হয়ে থাকে। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সহজ কিছু ব্যায়াম

কবজি ও হাতের ব্যথা কমাতে ঘরে বসেই কিছু সহজ স্ট্রেচিং ব্যায়াম করা যেতে পারে।

আর্ম ফিগার এইট

চেয়ারে সোজা হয়ে বসে পিঠ সোজা রাখতে হবে।

দুই হাত সামনে প্রসারিত করে আঙুলগুলো একসঙ্গে জোড়া লাগাতে হবে। এরপর মুষ্টিবদ্ধ অবস্থায় হাত দুটি দিয়ে ইংরেজি আট বা বাংলা চারের মতো আকারে ধীরে ধীরে ঘোরাতে হবে। এই ব্যায়াম পাঁচ থেকে সাত বার করা যেতে পারে।

মণিবন্ধ চক্র

সোজা হয়ে বসে দুই হাত কাঁধের উচ্চতায় সামনে প্রসারিত করতে হবে। হাতের মুঠো বন্ধ রেখে কবজি ঘড়ির কাঁটার দিকে ১০ বার ঘোরাতে হবে। এরপর বিপরীত দিকেও ১০ বার করতে হবে। এভাবে মোট তিন সেট করা যেতে পারে।

রিস্ট এক্সটেনসর

দুই হাত সামনে সোজা করে এক হাতের আঙুল অন্য হাত দিয়ে ধীরে ধীরে পেছনের দিকে টানতে হবে। ২০ সেকেন্ড ধরে রেখে আবার হাতের তালু নিচের দিকে করে একইভাবে স্ট্রেচ করতে হবে। প্রতিটি হাতে তিন থেকে চার সেট করা যেতে পারে। শুরুতেই অতিরিক্ত চাপ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, এতে ব্যথা বেড়ে যেতে পারে।

নিয়মিত এই ধরনের ব্যায়াম করলে কবজি ও আঙুলের ব্যথা কমার পাশাপাশি কাঁধ ও ঘাড়ের চাপও অনেকটা কমতে পারে।

--সংগৃহীত ছবি