Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

খেলাধূলাই পারে তরুণদের মাদক থেকে দূরে রাখতে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ Farhad Hossain Azad

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও মাদকের ঝুঁকির কারণে বর্তমান সময়ে তরুণ-কিশোররা ক্রমেই খেলাধূলা থেকে দূরে সরে যাচ্ছে। খেলা ধুলোই পারে বিপথগামিতা রোধ করে সুস্থ প্রজন্ম গড়ে তুলতে।

রবিবার (৩১ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে জাতীয় পর্যায়ে বিজয়ী দল বোদা টু স্টার ফুটবল একাডেমি ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বোদা উপজেলার টু স্টার ফুটবল একাডেমি।

প্রতিমন্ত্রী এ বিষয়ে জানান, তরুণ-কিশোরদের মাদকাসক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে সরকার ‘নতুন কুঁড়ি-২৬’ কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য এই বিশেষ প্রতিভা অন্বেষণ কর্মসূচি নেওয়া হয়েছে।

 প্রতিমন্ত্রী আরও বলেন, অভিভাবকরা শিশু-কিশোরদের মাঠমুখী করতে পারলে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব অনেকাংশে কমানো সম্ভব হবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম।

সন্তানদের খেলাধূলায় উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে ফরহাদ হোসেন বলেন, বোদা টু স্টার ফুটবল একাডেমির সাফল্যই প্রমাণ করে যে উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে খেলাধূলার প্রতি আগ্রহ ও সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। এসময় উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কৃতি ফুটবল খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন এবং তাদের হাতে বিজয়ী ট্রফি ও ক্রেস্ট তুলে দেন। এছাড়া তিনি ব্যক্তিগতভাবে একাডেমিকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, বোদা টু স্টার ফুটবল একাডেমির কোচ ও প্রতিষ্ঠাতা মোফাজ্জল হোসেন বিপুল, পরিচালক মাহমুদুল হাসান বাবুসহ এলাকার খেলোয়াড় বৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news