Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৩ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

যমুনা সেতুতে ঈদ পরবর্তী সর্বোচ্চ যানবাহন পারাপার

অনলাইন ডেস্ক Highest number of vehicles crossing Jamuna Bridge after Eid

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এর প্রভাবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে বেড়েছে ঢাকামুখী যানবাহনের চাপ। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩৮ হাজার ৩৭৬টি যানবাহন পারাপার হয়েছে, যা ঈদ পরবর্তী সময়ে একদিনে সর্বোচ্চ যানবাহন চলাচল। একই সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিস ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দৈনিক আহরিত টোল আদায়ের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) ২৪ ঘণ্টায় সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে অর্থাৎ ঢাকামুখী লেনে ২২ হাজার ৬৭৬টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৬৫০ টাকা।

অন্যদিকে পূর্ব প্রান্ত দিয়ে অর্থাৎ উত্তরবঙ্গমুখী লেনে চলাচল করেছে ১৫ হাজার ৭০০টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ২১ হাজার ৮৫০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৩৮ হাজার ৩৭৬টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।

এর আগের ২৪ ঘণ্টায় সোমবার (১ জুন) সেতুটি দিয়ে ৩৫ হাজার ৩৭৬টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ২ কোটি ৪০ লাখ ৯৯ হাজার টাকা। সেই হিসাবে একদিনের ব্যবধানে যানবাহন পারাপার বেড়েছে ৩ হাজার এবং টোল আদায় বেড়েছে ৫০ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী যানবাহনের সংখ্যা বাড়ছে। সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। ঈদের আগে ঘরমুখী মানুষের চাপ থাকলেও বর্তমানে কর্মস্থলমুখী যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এর ফলে সেতুতে ঢাকামুখী যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত সেতু ও সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news