বিশ্বকাপের আগে আর্জেন্টিনা প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে। তাদের প্রতিপক্ষ হন্ডুরাস। টেক্সাসের কাইল ফিল্ডে এই ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডের অনেকেই খেলবেন না ইনজুরির কারণে। প্রত্যাশিতভাবে লিওনেল মেসিও থাকছেন না এই প্রীতি ম্যাচে।
বাংলাদেশ সময় আগামীকাল (রোববার) সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। এর আগে শনিবার শেষবারের মতো অনুশীলন করেছেন খেলোয়াড়রা। লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনের পর গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ঘাম ঝরান তারা। মেসি দলের সঙ্গেই অনুশীলন করেছেন। এমিলিয়ানো মার্টিনেজকে গ্লাভস হাতে দেখা যায়নি। ইনজুরিতে আক্রান্ত খেলোয়াড়রা আলাদা হয়ে ট্রেনিং সেশন করেছেন।
অনুশীলনের জন্য সবার প্রথমে আসেন মেসি। তাকে নিয়ে কোচ বলেছিলেন, ‘সে ভালোভাবে উন্নতি করছে, একেবারে আলাদা হয়ে থাকতে হচ্ছে না তাকে।’ তবে নিকো পাজ, গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা আলাদা অনুশীলন করেছেন। মাঠে ছিলেন না জুলিয়ান আলভারেজ কিংবা লিয়ান্দ্রো পারেদেস। গোলকিপারদের সঙ্গে অনুশীলন করলেও গ্লাভস ছিল না মার্টিনেজের হাতে। আঙুলের চোটের কারণে প্রীতি ম্যাচগুলোতেও থাকবেন না তিনি।
জিওভানি লো সেলসো শুরুর একাদশে থাকবেন। যদিও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার পুরো সপ্তাহ প্রথম দলের সঙ্গে ছিলেন। অগাস্তিন গিয়াই ও হুয়ান মুসো থাকবেন মূল একাদশে।
হোসে মানুয়েল লোপেজকে ছাপিয়ে জিউলিয়ানো সিমিওনে আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ ও থিয়াগো আলমাদার সঙ্গে থাকবেন।
মেসি না থাকলেও এই ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ তুঙ্গে থাকবে। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টিওয়াইসি স্পোর্টস টিভি ও ইএসপিএন দিপোর্তেস টিভি চ্যানেলে।