Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ জুন ২০২৬
০৪:৩০ অপরাহ্ন

‘যত দেশে গিয়েছি, দেখেছি বাবাকে নিয়ে আলোচনা হয়’

অনলাইন ডেস্ক Nuhash Humayun

‘বাবা আমাদের নিয়ে এত লিখেছেন, মানুষ যখন আমাদের সাথে কথা বলে, তখন মনে হয় যেন তারা কোনো বইয়ের চরিত্রের সঙ্গেই কথা বলছে! মানুষের মধ্যে আমাদের নিয়ে এই যে আগ্রহ বা ভালোবাসা, এটা তাদের এক ধরণের অ্যামিউজমেন্ট (আনন্দ)। পৃথিবীর যত দেশে গিয়েছি, দেখেছি বাবাকে নিয়ে আলোচনা হয়। সন্তান হিসেবে আমার কাছে এটা এক অন্যরকম অনুভূতি, যা ভাষায় বলে বোঝানোর মতো নয়’-বাবা হুমায়ূন আহমেদকে নিয়ে কথাগুলো বলেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন।

শুক্রবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছিল ‘হুমায়ূন স্মরণ’। এতে তার জীবন, দর্শন ও সৃষ্টিশীল কর্মজীবন নিয়ে কথা বলেছেন তার পুত্র নুহাশ। ছিলেন গণমান্য আরো অনেকে। নুহাশ তার বক্তব্যে বলেন, ‘খুব ভালো লাগে, মানুষ যেকোনো সময়ে এসে আমার কাছে বাবার কথা বলতে পারে। কারণ মানুষ আসলে হুমায়ূন আহমেদকে নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে দেখে। আর তারই এক্সটেনশন হিসেবে আমি, আমার বোন, আমার মা—আমাদের সবার জন্যই মানুষের হৃদয়ে একটা স্পেশাল জায়গা তৈরি হয়েছে।’

অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের দুটি চলচ্চিত্রও (শ্রাবণ মেঘের দিন ও ঘেটুপুত্র কমলা) দেখানো হয়েছে। ছবির প্রসঙ্গ ধরে নুহাশ বলেন, “আজ (শুক্রবার) এখানে আসার আগে একজনকে দেখলাম, যিনি বৃষ্টিতে ভিজে এসে পঞ্চমবারের মতো 'শ্রাবণ মেঘের দিন' দেখলেন এবং আমার কাছে সেই ভালোলাগা শেয়ার করলেন। এটাই প্রমাণ করে, মানুষ বাবাকে কতটা আপন করে নিয়েছে।”

লেখক বাবার কঠিন জীবনের কিছু চিত্রও তুলে ধরেন নুহাশ। তার ভাষ্য, ‘বাবা ভোরবেলা থেকে লেখালেখি শুরু করতেন এবং দুপুর পর্যন্ত জাস্ট টানা লিখে যেতেন। সারাদিন লেখার পর বাসায় খুব করুণ চেহারা করে চিন্তিত মুখে হাঁটাহাঁটি করতেন। আবার লিখতেন, পছন্দ না হলে সেই লেখা কুঁচকে ফেলে দিয়ে নতুন করে শুরু করতেন। একজন ক্রিয়েটিভ মানুষকে যে কত পরিশ্রমী এবং সিরিয়াস হতে হয়, তা খুব অল্প বয়সেই বাবাকে দেখে বুঝেছি।’

অনুষ্ঠানে ‘হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলি ও শিল্প দর্শন’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন চলচ্চিত্র গবেষক ড. শাহাদৎ রুমন। বিশেষ অতিথি ছিলেন নির্মাতা ও শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান। সভাপতিত্ব করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news