Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ জুন ২০২৬
০১:০০ অপরাহ্ন

ব্রাজিল শিবিরে স্বস্তি , নেইমারের চোটের উন্নতি

অনলাইন ডেস্ক Brazil camp relieved, Neymar's injury improves

বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার প্রস্তুতিতে যখন ব্যস্ত কার্লো আনচেলত্তির পুরো দল, তখন ব্রাজিল শিবিরে সবার নজর কাড়ছেন একজনই,নেইমার জুনিয়র। সর্বশেষ মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামা হয়নি এই তারকার।

তবে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের মাত্র পাঁচ দিন আগে ব্রাজিল সমর্থকদের জন্য এলো এক স্বস্তির খবর।

সোমবার নেইমারের চোটাক্রান্ত পায়ে আবারও একটি এমআরআই স্ক্যান করা হয়েছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, নেইমারের কাফ মাসলের চোটের উন্নতি বেশ ইতিবাচক এবং চিকিৎসকদের প্রত্যাশিত গতিতেই তিনি সুস্থ হয়ে উঠছেন। মেডিকেল টিমের পরিকল্পনা অনুযায়ী তার পুনর্বাসন এবং শারীরিক ফিটনেস ফেরানোর প্রক্রিয়া চালু থাকবে।

কোচ কার্লো আনচেলত্তি ভালো করেই জানতেন যে নেইমার শতভাগ ফিট না হয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন। তবুও বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই অভিজ্ঞ ফরোয়ার্ডের উপস্থিতির কথা চিন্তা করেই তাকে চূড়ান্ত স্কোয়াডে রেখেছিলেন কোচ।

বর্তমানে গ্রেড-২ কাফ স্ট্রেইনের কারণে দলের বাকিদের থেকে আলাদাভাবে অনুশীলন করছেন সান্তোসের এই স্ট্রাইকার। চোটের কারণে ইজিপ্টের বিপক্ষের প্রীতি ম্যাচে দলের সাথে ক্লিভল্যান্ডেও যাননি তিনি। ক্যাম্পে নাসা প্রযুক্তির বিশেষ মেশিনে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন নেইমার। যেখানে তার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন ডক্টর ফেলিপে কালিল, ফিজিক্যাল কোঅর্ডিনেটর ক্রিস্তিয়ানো নুনেস এবং ফিজিওথেরাপিস্ট রাফায়েল মার্তিনি।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এখনই আশা হারাচ্ছে না। কোচিং স্টাফদের লক্ষ্য, দ্রুতই যেন নেইমারকে মূল দলের সাথে অনুশীলনে ফেরানো যায়, যদিও বল নিয়ে মূল স্কিল ট্রেইনিংয়ের জন্য তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। 

সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার (বাংলাদেশ সময় রাত ৪টায়) মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তার খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। তবে সেটি সম্ভব না হলে, আগামী ২০ জুন গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে নেইমারকে মাঠে নামানোর লক্ষ্য নিয়ে কাজ করছে ম্যানেজমেন্ট।

এদিকে বিশ্বকাপ শুরুর আগেই চোটের কারণে বেশ কিছুটা ধাক্কা খেয়েছে আনচেলত্তির দল। মিশরের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের ঊরুর চোটে পড়ে বিশ্বকাপ স্কোয়াড থেকেই ছিটকে গেছেন এএস রোমার ফুল-ব্যাক ওয়েসলি। এমন পরিস্থিতিতে নেইমারের সুস্থতার খবর ব্রাজিল শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news