
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে বলে এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি তাদের এই গবেষণার ফলাফল তুলে ধরে।
প্রতিবেদন অনুযায়ী, আলোচিত সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল না। হত্যাকাণ্ড, ডাকাতি, ছিনতাই এবং ধর্ষণের মতো অপরাধের ঘটনা অব্যাহত ছিল বলে এতে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত মানে পৌঁছাতে পারেনি।
গবেষণায় দেখা গেছে, মার্চ ও এপ্রিল মাসে ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা নথিভুক্ত হয়েছে।
একই সময়ে পুলিশের ওপর ১২৯টি হামলার তথ্যও পাওয়া গেছে, যা আইন প্রয়োগকারী সংস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, উক্ত সময়ে ২ হাজার ২১৪টি চুরির ঘটনা ঘটেছে।
নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গবেষণার তথ্যমতে, নারী ও শিশু নির্যাতনের মোট ৩ হাজার ৪৯৬টি ঘটনা রেকর্ড করা হয়েছে।
এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং শিশু ধর্ষণের শিকার ৪৯ থেকে ৭১ জন।
টিআইবির মতে, নাগরিকদের মানবাধিকার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা ব্যবস্থার দ্রুত উন্নয়ন জরুরি।