Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শাপলা চত্বরের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে : মামুনুল হক

অনলাইন ডেস্ক Mamunul Haque

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মতো ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদেরও রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি দিতে হবে।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রামে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।

মামুনুল হক বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ভীত রচিত হয়েছিল ২০১৩ সালের শাপলা চত্বরে। শাপলার শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। যদি আপনারা সেটি করতে ব্যর্থ হন, তাহলে প্রমাণ হবে ইসলাম, মুসলমান ও মদিনার ইসলামের কথা বলা কেবল ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়।

তিনি দেশের পররাষ্ট্রনীতি নিয়েও সমালোচনা করেন। বলেন, দুর্বল পররাষ্ট্রনীতির কারণে স্বাধীনতার সূর্য বাংলার আকাশ থেকে অস্তমিত হওয়ার উপক্রম হয়েছে। সীমান্ত বন্ধ হচ্ছে। সীমান্তে হত্যাকাণ্ডকে ঘুরিয়ে-পেঁচিয়ে বৈধতা দেওয়ার অপচেষ্টা চলছে। আমরা এ ধরনের বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠা দেখতে চাই।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে মামুনুল হক বলেন, আপনাকে ব্যক্তি হিসেবে সম্মান জানাই। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে আপনার প্রতি বিশেষ সম্মান রয়েছে। তবে বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার শেখ হাসিনার রাজনীতি করবেন না।

কক্সবাজারে প্রধানমন্ত্রীর দেওয়া একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতীয় বাজেটে মদ ও বিড়ির ওপর অতিরিক্ত কর আরোপ করায় বিরোধী দল অসন্তুষ্ট বলে মন্তব্য করা হয়েছে। এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আপনি মদ ও জুয়া নিষিদ্ধ করুন, বিরোধী দল আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news