.jpg)
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। শনিবার (১৩ জুন) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল ৪ উইকেটে জয়লাভ করে। বিকেলে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিক প্রশাসক সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: মোজাদ্দেদ জামানী সুমন। এ সময় উভয় দলের খেলোয়াড়, সংশ্লিষ্ট কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং দর্শকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩য় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ে ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ইমার্জিং দল ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০১ রান করে ৪ উইকেটের জয় তুলে নেয়। ফলাফল ৪ উইকেটে বিজয়ী বাংলাদেশ ইমার্জিং। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২ ম্যাচে বাংলাদেশ ইমার্জিং জয়লাভ করেছে। অপর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।