Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৪ জুন ২০২৬
০৭:০৭ অপরাহ্ন

আ.লীগ নেতাকে গ্রেপ্তারের পর ওসির অপসারণ চাওয়ায় বিএনপি নেতার শাস্তি দাবি

অনলাইন ডেস্ক Demand for punishment of BNP leader for seeking removal

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের পর ওসির অপসারণ চাওয়ায় উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে শাস্তির দাবি উঠেছে দলেরই একাংশের মধ্য থেকে। রোববার (১৪ জুন) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে সংবাদ সম্মেলনে এ দাবি তোলে উপজেলা বিএনপির একটি অংশ।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা রেখে লালমনিরহাট-২ আসনের মানুষ রোকনউদ্দিন বাবুলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন। দলের চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষা করে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলম বিগত নির্বাচনে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেন। ধানের শীষের বিজয় ঠেকাতে ব্যর্থ হয়ে তিনি হিংসাত্মক মনোভাব থেকে উন্নয়নমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছেন। বিএনপির আহ্বায়কের ব্যানার ব্যবহার করে প্রশাসনকে দায়িত্ব পালনে নানাভাবে বাধাগ্রস্ত করছেন তিনি। 

সম্প্রতি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি আজিজার রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আজিজার রহমান আহ্বায়ক জাহাঙ্গীর আলমের ভায়রা। ভায়রাকে গ্রেপ্তারের পর ওসির প্রতি ক্ষিপ্ত হয়ে তার অপসারণের দাবি তুলে উপজেলার শান্ত পরিবেশ বিনষ্ট করার পাঁয়তারা করছেন আহ্বায়ক ও তার সমর্থকেরা।

তিনি বলেন, বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে যারা ধানের শীষের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, আওয়ামী লীগকে পুনর্গঠনে সহায়তা করছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের সাংগঠনিক সম্পাদক ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হস্তক্ষেপ কামনা করেন শামসুজ্জামান সবুজ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ধানের শীষের বিপক্ষে অবস্থানকারী নেতাদের বিষয়ে কেন্দ্রীয় বিএনপিকে অবহিত করা হয়েছে। কেন্দ্র থেকে জানানো হয়েছে, এসব বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে এবং ক্রমান্বয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

শামসুজ্জামান সবুজ বলেন, আমরা বিষয়টি এবার লিখিতভাবে কেন্দ্রীয় বিএনপিকে জানাবো। আত্মীয়কে বাঁচানোর নামে যারা অস্থিরতা তৈরির চেষ্টা করছেন, তাদের কোনোভাবেই ঠাঁই দেওয়া হবে না। যারা আত্মীয়কে বাঁচাতে না পেরে ক্ষিপ্ত হন, তারা দল বা দেশকে ভালোবাসেন না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এর আগে একই দাবিতে উপজেলা বিএনপির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে তুষভান্ডার বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান কান্তি, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ সালেহ আহমেদ, গজর উদ্দিন পাটোয়ারী, খালেকুজ্জামান হেলাল, উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরত-ই-মেহেরবান মিঠু, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাজ্জাকুজ্জামান রাজ্জাক প্রমুখ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news