
রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ পৃথক তিনটি অভিযান চালিয়ে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার, মুক্তিপণের ২৫ লাখ টাকা, আত্মসাৎ করা প্রায় ২৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স সামগ্রী এবং ইয়াবা উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এই তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার একটি টিম রোববার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আলিম বাবু (৩০), মো. সজিব মিয়া (২৯), মো. ময়নুদ্দিন (৪০) ও মো. মহিউদ্দিনকে (৩৬) গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজতে থাকা অপহৃত আজিবুর রহমানকে (৫০) উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারীদের কাছ থেকে মুক্তিপণের নগদ ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, প্রতারণা ও আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার লক্ষ্মীপুর সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নুর হোসাইন সোহাগকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৯ ভরি ওজনের স্বর্ণের চেইনসহ আনুমানিক ২১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার এবং মোবাইল ফোন ও ল্যাপটপসহ প্রায় ২ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করা হয়।
অন্যদিকে, একইদিন সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানাধীন ৫ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. জামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানা পুলিশের ধারাবাহিক অভিযানে অপহরণ, প্রতারণা ও মাদক-সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। অপহৃত ব্যক্তিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং মুক্তিপণের ২৫ লাখ টাকাও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।