আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে আবারও বিশ্বকাপের সব আলো কেড়ে নিলেন লিওনেল মেসি। একাই তিন গোল করে আর্জেন্টিনাকে দাপুটে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার পাশে বসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ।
আর্জেন্টিনার মহাতারকার দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার তার প্রশংসায় মুখ খুলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও।
সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুলাকে মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে হাস্যরসের সুরেই তিনি বললেন, ‘আমি মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সাইন করাতে চেয়েছিলাম।’
এদিকে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১–১ গোলে ড্র করেছে। সে প্রসঙ্গেও কথা বলেছেন লুলা। ব্রাজিলের ফল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘স্পেন তো কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, সেটা আরও খারাপ।’
বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ অংশগ্রহণ। এই কীর্তিতে তিনি পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকোর ওচোয়ার সঙ্গে যৌথভাবে সর্বাধিক বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন।
গ্রুপ ‘জে’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর মেসিদের লক্ষ্য থাকবে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।