Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গ্রাহক পর্যায়ে রাজশাহীর সিল্ক পণ্য দ্রুত নিরাপদে পৌঁছে দেবে ডাক বিভাগ

রাজশাহী প্রতিনিধি:- Postal Department will deliver Rajshahi's silk products quickly and safely

দেশের ঐতিহ্যবাহী সিল্ক পণ্য গ্রাহক পর্যায়ে দ্রুত, নিরাপদ ও কার্যকরভাবে পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রেশম শিল্প মালিক সমিতি ও বাংলাদেশ ডাক বিভাগের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় রেশম শিল্পের উৎপাদন, বিপণন ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ডাক বিভাগের আধুনিক সেবাকে কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন প্রান্তসহ আন্তর্জাতিক বাজারে সিল্ক পণ্য সহজে পৌঁছে দিতে ডাক বিভাগের নেটওয়ার্ককে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, এই উদ্যোগের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং রেশম শিল্পের বাজার সম্প্রসারণের পাশাপাশি প্রান্তিক উদ্যোক্তারা সরাসরি উপকৃত হবেন।

সভায় আলোচনা ও সুপারিশে অংশ নেন বাংলাদেশ ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) জাকির হাসান নূর, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মো. ইকবাল মাহমুদ, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী এবং বাংলাদেশ ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (সংস্থাপন ও পরিকল্পনা) কে এইচ এম ইকবাল মাহমুদ।

এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রধান পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান তালুকদার, পরিচালক (প্রশাসন) মোসা. সাদিয়া খাতুন, পরিচালক (উৎপাদন ও বিপণন) মিজানুর রহমান, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, পোস্টাল একাডেমির প্রতিনিধি, রেশম শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ এবং সপুরা সিল্ক, ঊষা সিল্ক, আমেনা সিল্ক ও আধুনিক সিল্কসহ বিভিন্ন শীর্ষস্থানীয় সিল্ক ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা।

​সভায় সিল্ক পণ্য পরিবহন ও অনলাইন বিক্রয় কার্যক্রমের সঙ্গে ডাক বিভাগের সেবা সমন্বয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ তুলে ধরা হয়।যেমন— লজিস্টিকস ও ই-কমার্স সাপ্লাই চেইন নেটওয়ার্কে রাজশাহীকে প্রধান ‘সিল্ক হাব’ বিবেচনা করে রেশম চাষী ও ব্যবসায়ীদের বিশেষায়িত সেবা দেওয়া, রাজশাহী প্রধান ডাকঘরসহ গুরুত্বপূর্ণ সাব-পোস্ট অফিসে বিশেষায়িত বুথ স্থাপন করা, যাতে অনলাইন ও ক্ষুদ্র উদ্যোক্তারা (SMEs) সহজেই পার্সেল বুকিং করতে পারেন।

এছাড়াও ডাক বিভাগের জিইপি ও ইএমএস সেবার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে অভ্যন্তরীণ সরবরাহ এবং বারকোড প্রযুক্তির সাহায্যে ডিজিটাল ট্র্যাকিং নিশ্চিত করা। একইসঙ্গে কুরিয়ার সার্ভিসের চেয়ে কম খরচে সেবা দেওয়ার পাশাপাশি সিল্কের গুণগত মান রক্ষায় বিশেষ বাবল-র‍্যাপ প্যাকেজিং সুবিধা দেওয়া।

শুধু তাই নয়, প্রবাসী ও বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি সিল্ক পণ্য পৌঁছানো সহজ করতে কাস্টমস ক্লিয়ারেন্স সংক্রান্ত জটিলতা কমানোর বিষয়টিও স্থান পায় এই সমন্বয় সভায়।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ বলেন, রেশম শিল্পের টেকসই উন্নয়ন ও বাজার সম্প্রসারণে আধুনিক এবং সহজলভ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশ ডাক বিভাগের লজিস্টিকস ও ই-কমার্স সাপোর্ট রেশম শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news