
নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ১২ বোতল নেশা জাতীয় মাদক 'স্ক্যাফ' সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নের সিংড়া উজিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ আঃ রশিদ(৬৫)। বাবার নাম মৃত তোরাব আলী মন্ডল। বাড়ি উপজেলার সিংড়া উজিরপুর গ্রামে। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার সিংড়া উজিরপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আঃ রশিদকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ১২ বোতল 'স্ক্যাফ' উদ্ধার করা হয়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।