পঞ্চগড়ের বোদা উপজেলায় অসহায়, দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
সরকারের মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য (চাল), গৃহ নির্মাণের জন্য নগদ অর্থ ও ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১০টায় বোদা উপজেলা চত্বরে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিররেজা ফেরদৌস চিন্ময় সহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ড কিংবা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। সেই লক্ষ্য বাস্তবায়নে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, কোনো অসহায় পরিবার যেন খাদ্য সংকট বা বাসস্থানের সমস্যায় কষ্ট না পায়, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
পরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাদ্যশস্য (চাউল) ৪১ মেট্রিকটন ও গৃহ মঞ্জুরির নগদ (অর্থ) ১ লাখ ৬৮ হাজার টাকা এবং গৃহ পালিত ৬০ টি ছাগল বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি সমাজের দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা।