কক্সবাজার বিমানবন্দর থেকে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী যাত্রী আটক হয়েছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, রোববার নভোএয়ারের ঢাকা-গামী ফ্লাইট (VQ-922)-এর এক নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহভাজন হিসেবে শনাক্ত হন। স্ক্যানিং চলাকালে সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী রাকেশ দে যাত্রীর ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে রাখা ইয়াবার চালান দেখতে পান। পরে ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ওই নারী যাত্রীকে আটক করা হয়।
আটক নারী জেসমিন আক্তার। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের মৃত হারুন মিয়ার মেয়ে।
উদ্ধার মাদকসহ আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।