Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

‘আপনারা এভাবে বলতে পারেন না, সাংবাদিকরা দলের কর্মী না’

অনলাইন ডেস্ক "You can't say like this, journalists are not party workers."

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে এই হামলা চালানো হয়। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং উপস্থিত কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানমন্ডিতে মিছিল শেষ করে জামায়াতের নেতারা বক্তব্য দিচ্ছিলেন। হাজারীবাগ থানার জামায়াত আমির যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন টিভির ক্যামেরাম্যানেরা তাদের অনুরোধ করেন, যেন সবাই বক্তব্য না দিয়ে একজন মূল বক্তা বক্তব্য দেন। সবাই বক্তব্য দিলে তারা সেটি নিউজে ধরাতে পারবেন না।

তখন একজন জামায়াত নেতা বলেন, ‘আমরা সবাই বক্তব্য দেবো, আপনারা থাকলে থাকেন, না থাকলে নাই। আপনাদের দরকার নাই।’

ঘটনা প্রসঙ্গে সাংবাদিক শিশির জানান, ধানমন্ডি ৩২-এ জামায়াতের কর্মসূচিতে একাধিক বক্তা একসঙ্গে বক্তব্য দিতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা অনুরোধ করেন, যেন দলের পক্ষ থেকে একজন প্রতিনিধি মূল বক্তব্য তুলে ধরেন। জবাবে কয়েকজন বলেন, ‘কাভার না করলে চলে যান।’

তখন মারধরের শিকার সাংবাদিক শিশির বলেন, ‘আপনারা এভাবে বলতে পারেন না। সাংবাদিকরা তো আপনাদের দলের কর্মী না।’ শিশিরের দাবি, এই মন্তব্যটা তারা সহ্য করতে পারেন নাই। এরপরই তাকে আওয়ামী লীগপন্থী আখ্যা দিয়ে হামলা করা হয়।

শিশির বলেন, ‘আমি তখন প্রতিবাদ করে বলি, আপনারা এভাবে আমাদের সঙ্গে কথা বলতে পারেন না। আমরা তো সাংবাদিক, আপনাদের কর্মী নই। এরপর কয়েকজন এসে আমার আইডি কার্ড চেক করেন। আমি আইডি কার্ড পকেট থেকে বের করার আগেই স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে মারধর শুরু করেন। এরপর আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গেলে দ্বিতীয় দফায় আমার ওপর হামলা করা হয়। পরে উপস্থিত সাংবাদিকেরা আমাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি বাসায় আসি।’

এদিকে, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে ঘটনাটির তদন্তে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোনের পরিচালক নুর নবী মানিকের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবারের (২৪ জুন) মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জামায়াত। 

মঙ্গলবার (২৩ জুন) দুঃখ প্রকাশ করে এক বিবৃতি দেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।

বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। জামায়াতে ইসলামীর কোনও স্তরের জনশক্তি স্বাধীন সাংবাদিকতায় কখনো বাঁধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না। আজ ধানমন্ডিতে অনাকাঙ্ক্ষিতভাবে সাংবাদিকদের ওপর হামলার যেই ঘটনা ঘটেছে, ওই ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কোনও জনশক্তি জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ আরও বলা হয়েছে, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, জামায়াতের প্রোগ্রামে গুপ্তচর কেউ এমন ঘটনা ঘটিয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news