বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আশা আরও উজ্জ্বল করে তুলেছে বসনিয়া-হার্জেগোভিনা। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা পাওয়ার লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করেছে ইউরোপের দলটি।
বুধবার (২৪ জুন) সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসনিয়া। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় তারা। ২৯তম মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে দলকে এগিয়ে দেন ১৮ বছর বয়সী তরুণ উইঙ্গার আলেবেগোভিচ। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার দ্বিতীয় গোল।
এর পাঁচ মিনিট পর ডি-বক্সে জেকোর পাস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসে কাতারের ডিফেন্ডার সুলতান আল-ব্রাকে। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বসনিয়া।
তবে ম্যাচ থেকে ছিটকে যায়নি কাতার। ৪২তম মিনিটে ফরোয়ার্ড হাসানের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে দলটি। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরারও সুযোগ পেয়েছিল তারা, কিন্তু পেদ্রো মিগেলের শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালালেও বসনিয়ার সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি কাতার। উল্টো ম্যাচের ৮০তম মিনিটে মিডফিল্ডার এর্মিন মাহমিচের জোরালো শটে তৃতীয় গোল পেয়ে জয় নিশ্চিত করে বসনিয়া।
এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে বসনিয়া-হার্জেগোভিনা। একই সময়ে কানাডাকে ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে সুইজারল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে রানার্সআপ হয়েছে সহ-আয়োজক কানাডা।
৪৮ দলের নতুন বিশ্বকাপ কাঠামোয় গ্রুপের প্রথম দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলও নকআউট পর্বে খেলবে। ফলে ৪ পয়েন্ট নিয়ে বসনিয়ার শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা এখন বেশ উজ্জ্বল। অন্যদিকে তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কাতার।
শেষ বাঁশি বাজার পর বসনিয়ার খেলোয়াড়, কোচ এবং সমর্থকদের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল—বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার স্বপ্ন এখন তাদের হাতের নাগালেই।