রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কোল ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের নিয়ে বৃহস্পতিবার বাল্যবিয়ে ও মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর পৌনে ১২টায় একই ইউনিয়নের বাবুডাইং গ্রামের একটি বটগাছের নিচে এ সভার আয়োজন করে ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন রিভ্যুলেশন (এনএজিআর)।
এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। তিনি বাল্যবিবাহের সামাজিক, শারীরিক ও মানসিক ক্ষতিকর প্রভাব এবং মাদকাসক্তির ভয়াবহ পরিণতি সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মাদক প্রতিরোধে সমাজের নারীদের অগ্রগামী ভূমিকা পালন করতে উৎসাহিত করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এনএজিআর সংস্থার পরিচালনা পর্ষদের ট্রেজারার ক্ষুদ্র জাতিসত্তার নেতা হিংগু মুরমু, প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম, স্কুল শিক্ষক নীলমনি কিসকু, কোল ক্ষুদ্র জাতিসত্তার নারী নেত্রী রুমালী হাঁসদা, কোল যুব প্রতিনিধি রাজেন সরেন প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমানে ক্ষুদ্র জাতিসত্তার গ্রামগুলোতে বাল্যবিবাহ ও মাদকের ব্যবহার ও ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। সেইসঙ্গে বৃদ্ধি পাচ্ছে পারিবারিক নানা অশান্তি। মাদকসেবী বাবার কারণে অনেক পরিবারের সন্তানরা ঠিকমত বেড়ে উঠতে পাচ্ছে না। সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন নারীরা। তাই সমাজ থেকে মাদক ও বাল্যবিয়ে দূর করতে হলে সমাজের নারীদের পাশাপাশি শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, এনএজিআর সংস্থাটি রাজশাহীর গোাদাগাড়ী ও তানোর উপজেলায় ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের মাঝে শিক্ষা, মাতৃভাষায় শিক্ষাদান, প্রাথমিক স্বাস্থ্য সেবা, বাল্যবিবাহ, মাদকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতাসহ শান্তি প্রকল্প নিয়ে ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।