Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৬ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীর চার জেলায় শনিবার খোলা থাকবে ব্যাংক

অনলাইন ডেস্ক Bangladesh Bank

আমের মৌসুমে ব্যবসায়ীদের লেনদেন নির্বিঘ্ন রাখতে বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিভিন্ন আমের বাজার-সংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখা সাপ্তাহিক ছুটির দিন শনিবারও সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফশিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, চলমান আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আম বাজারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হচ্ছে। এসব এলাকায় নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ ও জমা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নির্দেশনা অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট; নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন আমের বাজারসংলগ্ন তফশিলি ব্যাংকের শাখা ও উপশাখা আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে খোলা রাখা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে নিজ নিজ বিবেচনায় এসব শাখা ও উপশাখা পরিচালনা করতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news