দীর্ঘদিন ধরেই প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। একাধিকবার হত্যার হুমকি, এমনকি তার মুম্বাইয়ের বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর সামনে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। নিরাপত্তা জোরদার করতে পরে তার বাসার খোলা বারান্দায় বুলেটপ্রুফ কাচ বসানো হয়। তবে এসবের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে সালমানের নতুন বাড়ি নির্মাণের খবর।
ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাইয়ের বান্দ্রার চিম্বাই এলাকায় নতুন একটি বহুতল ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি। পরিবেশগত কিছু শর্ত মেনে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংস্থাটির সূত্র জানায়, যে জমিতে ভবনটি নির্মিত হবে, সেটি সালমান খানের মা সালমা খানের নামে নিবন্ধিত। ওই জায়গায় ১৯৫৬ সাল পর্যন্ত একটি দোতলা বাড়ি ছিল। পরবর্তীতে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলে সেটি ভেঙে ফেলা হয়।
অনুমোদিত নকশা অনুযায়ী, নতুন ভবনে থাকবে একটি গ্রাউন্ড ফ্লোর, পার্কিংয়ের ব্যবস্থা এবং তার ওপর ছয়টি আবাসিক তলা। প্রায় ১ হাজার ১৪ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত হবে ভবনটি।
তবে নির্মাণকাজ শুরুর আগে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আরও কিছু আইনি ও প্রশাসনিক অনুমোদন নিতে হবে। পাশাপাশি নির্মাণের সময় এলাকার কোনো গাছ কাটা হবে না বলেও জানানো হয়েছে। বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন গাছও লাগানো হবে।
নতুন বাড়ি নির্মাণের অনুমোদনের পর প্রশ্ন উঠেছে, বহু বছরের ঠিকানা ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ ছেড়ে কী নতুন বাসায় উঠবেন সালমান খান?
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। কয়েক দশক ধরে পুরো খান পরিবার মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট-এই বসবাস করছে। সালমান খানের জন্মদিন কিংবা ঈদের মতো বিশেষ দিনে এখনো হাজারো ভক্ত ওই বাসভবনের সামনে ভিড় জমান একনজর প্রিয় তারকাকে দেখার আশায়।