আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এবার এ পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ড থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। তবে গত বছরের (২০২৫) তুলনায় বেড়েছে ৭ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী সংখ্যা।
রাজশাহী শিক্ষাবোর্ডের দেয়া তথ্য মতে এই বোর্ডে অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ৭৩ হাজার ৫৭ জন জন ছাত্র এবং ৬৭ হাজার ৭৭৩ জন ছাত্রী। এ বছর শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলায় ২০৮টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়া শিক্ষাবোর্ডে অন্তর্ভুক্ত আট জেলায় ২০৮টি কেন্দ্রে ৭৪৭টি প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষাবোর্ডে চেয়ারম্যান শামীম আরা চৌধুরী জানিয়েছেন, গেলো বছর ২০২৫ সালে রাজশাহী বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন।
২০২৪ সালে রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩৮ হাজার ১৫৭জন।
২০২৩ সালে রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৪০ হাজার ১১৫ জন। আর ২০২২ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪২৩ জন।
কর্তৃপক্ষ বলছে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। অভিন্ন প্রশ্ন পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বেশ খানিকটা সুবিধা মিলেছে বলেও জানান বোর্ড কর্তৃপক্ষ। এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে এখন পর্যন্ত রাজশাহীর কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার কোন খরব মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ২৪টি ভিজিলেন্স টিম সব কেন্দ্র গুলো পর্যায়ক্রমে পরিদর্শন করছে।