Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০২ জুলাই ২০২৬
০৮:১৪ অপরাহ্ন

বদলগাছীতে ৪ হাজার ৫৬৬ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): Fertilizer and seed distribution

নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু এবং বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪ হাজার ৫৬৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ প্রদান করা হবে। এর মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৪০০ জন, মরিচে ৮০ জন, উফশী রোপা আমন ধানে ২ হাজার ৬০০ জন, বৃক্ষরোপণ কর্মসূচিতে ৪১০ জন, এয়ার ফ্লো মেশিন পাবেন ৬ জন, লেবুর উৎপাদন বৃদ্ধির জন্য চারা পাবেন ২০ জন এবং গ্রীষ্মকালীন বিভিন্ন উফশী ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও উপকরণ পাবেন ১ হাজার ৫০ জন কৃষক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রণোদনা পাওয়া কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো সার ও বীজ পাওয়ায় তারা নির্ধারিত সময়ে আবাদ করতে পারবেন এবং এতে উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news