Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ জুলাই ২০২৬
০৩:৩০ অপরাহ্ন

সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি বিএনপি নেতার

নিজস্ব প্রতিনিধি:- মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ Ehsanul Kabir Tuku

রাজশাহীতে সংবাদ সম্মেলন ডেকে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন এহসানুল কবির টুকু নামের এক বিএনপি নেতা। জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন বিএনপির এই সভাপতির অভিযোগ, একটি অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও একটি পত্রিকায় তাকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে।

ওই সংবাদের প্রতিবাদ জানাতেই শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তার বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ খণ্ডন করেন বিএনপি নেতা এহসানুল কবির টুকু। দাবি করেন, তাদের এলাকায় বিএনপিতে গ্রুপিং আছে। এ কারণেই রাজনৈতিক প্রতিপক্ষরা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। তিনি এর প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রকাশিত সংবাদে বলা হয়েছে নিজ বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত ভাটোপাড়া বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ দখল করেছেন তিনি। বাস্তবে ওই বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। একইভাবে প্রেমতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদটিও নিজের নিয়ন্ত্রণে রাখার অভিযোগ করা হয়েছে। অথচ এই বিদ্যালয়েরও সভাপতি ইউএনও।

তিনি বলেন, এভাবে মনগড়া তথ্য দিয়ে তাকে নিয়ে যা খুশি লিখে অনিবন্ধিত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করা হয়েছে। তিনি এসবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। আগামী রোববারই তিনি এ ব্যাপারে মামলা দায়ের করবেন বলেও হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, স্থানীয় বিএনপির নেতা হাবিবুর রহমান, মাহবুবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news