Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ জুলাই ২০২৬
০৯:০৩ অপরাহ্ন

কে বড় তারকা সেটা বিষয় না, চলচ্চিত্রের মঙ্গলই আসল: সোহেল রানা

অনলাইন ডেস্ক শিল্পী সমিতির নির্বাচন Artists Association Election

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে যান ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, কোনো নির্দিষ্ট প্যানেল বা ব্যক্তির তারকাখ্যাতি দেখে নয়, বরং চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে কে সবচেয়ে বেশি অবদান রাখতে পারবেন, সেটি বিবেচনা করেই ভোট দেন।

নির্বাচনী আমেজ নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে এই গুণী ব্যক্তিত্ব বলেন, আজকের দিনটি সবসময়ই ভালো লাগার। শুধু এবারই নয়, প্রতিবারই নির্বাচনের সময় দুই প্যানেলের প্রার্থীরাই তার কাছে আসেন এবং দোয়া চান। তবে তিনি সবাইকে স্পষ্ট করে জানিয়ে দেন, কাকে ভোট দেবেন, সে বিষয়ে তাকে গভীরভাবে ভাবতে হবে। 

সোহেল রানা বলেন, আমি সবাইকে বলি, শুধু দোয়া চাইলেই হবে না। যদি আমাকে ভোট দিতে হয়, তাহলে আমাকে ভাবতে হবে। তোমরা নামগুলো দিয়ে যাও, আমি দেখি। এখানে কে কোন প্যানেল করল বা কে বড় স্টার, সেটা বড় কথা নয়।

সংগঠনের নেতৃত্ব নির্বাচনে যোগ্যতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে সোহেল রানা বলেন, আমি দেখব, সংগঠনটা কে সঠিকভাবে পরিচালনা করতে পারবে। চলচ্চিত্র জগতের যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধানের দায়িত্ব কে নিতে পারবে; সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চোখ বন্ধ করে ভোট দেওয়া ঠিক নয়। আমি সবকিছুর ঊর্ধ্বে থেকে চেষ্টা করি, চলচ্চিত্র জগতের জন্য যার মাধ্যমে সবচেয়ে বেশি মঙ্গল হবে, তাকেই ভোট দিতে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে শিল্পী সমিতির এই ভোটগ্রহণ প্রক্রিয়া বিরতিহীনভাবে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর এখন চলছে বহুল প্রতীক্ষিত ফলাফল গণনার কাজ। জানা গেছে, এবারের নির্বাচনে নতুন নেতৃত্ব বেছে নিতে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনে তার সঙ্গে সদস্য হিসেবে আরও যুক্ত আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা। অন্যদিকে, নির্বাচন-পরবর্তী যেকোনো ধরনের জটিলতা বা অভিযোগ নিরসনের জন্য গঠিত আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news