
একসময় আম কিনতে যেতে হতো বাজারে। এখন বাজারই চলে আসছে মোবাইলের পর্দায়। আর সেই ডিজিটাল বাজারের এক পরিচিত মুখ নওগাঁর বদলগাছী উপজেলার তরুণ উদ্যোক্তা এস এম মোস্তাকিম।
ফেসবুকভিত্তিক উদ্যোগ ‘বদলগাছী ম্যাংগো সেল বাজার’-এর মাধ্যমে তিনি নিজের বাগানের আম দেশের বিভিন্ন জেলায়, এমনকি প্রবাসী বাংলাদেশিদের কাছেও পৌঁছে দিচ্ছেন। গাছে পাকা আম, হাতে স্মার্টফোন আর কয়েকটি ক্লিক—এভাবেই চলছে তাঁর ব্যবসা।
চলতি মৌসুমে নাগ ফজলি, আম্রপালি, ব্যানানাসহ বিভিন্ন জাতের আম অনলাইনে অর্ডার নিয়ে সরবরাহ করছেন তিনি। ক্রেতাদের দাবি, বাজারে ঘুরে আম বাছাই করার ঝামেলা নেই; বাগান থেকেই আম চলে আসে বাড়ির দরজায়।
মোস্তাকিম বলেন, শুরুর দিকে অনেকে অনলাইনে আম কিনতে দ্বিধায় ছিলেন। এখন পুরোনো ক্রেতারাই নতুন ক্রেতা নিয়ে আসেন। তবে একটা দুশ্চিন্তা থেকেই যায়—আম অপেক্ষা করতে পারে না। কুরিয়ার দেরি করলে আগে পাকে আম, পরে পৌঁছায়।
তিনি জানান, তাঁর সন্তান বর্তমানে অসুস্থ। সন্তানের দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন, অনলাইনভিত্তিক কৃষিপণ্য বিপণন কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এতে উৎপাদক ন্যায্যমূল্য পাচ্ছেন এবং স্থানীয় তরুণদের উদ্যোক্তা হওয়ার আগ্রহও বাড়ছে।
বদলগাছীর এই তরুণের গল্প প্রমাণ করে, এখন শুধু গাছে আম ফলালেই হয় না; প্রযুক্তির সঠিক ব্যবহার জানলে সেই আম দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এমনকি দেশের গণ্ডি পেরিয়েও পৌঁছে দেওয়া সম্ভব।