
অবিশ্বাস্য বললেও হয়তো কম বলা হবে। ইতিহাসই বদলে ফেলল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল দিয়ে অবিশ্বাস্য এক জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপের সপ্তম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসিরা।
শেষ চারে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। আজ রাতে শেষ ষোলোর সর্বশেষ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া–সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালে এই ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১২ জুলাই রোববার বাংলাদেশ সময় সকাল ৭টায়।
সর্বশেষ মিশরসহ শেষ ষোলো থেকে এরইমধ্যে বিদায়ঘণ্টা বেজে গেছে সাত দেশের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে ও স্বাগতিক তিন দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র দৌড় থেকে ছিটকে গেছে। অন্যদিকে, কোয়ার্টারে পৌঁছে গেছে আর্জেন্টিনাসহ সাত দেশ- মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন এবং বেলজিয়াম।
গ্রুপ ‘জে’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এরপর রাউন্ড অব বত্রিশের মহানাটকীয় ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোল ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আজ মিশরকে ৩-২ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।
প্রসঙ্গত কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে পারলে সেমিফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে হ্যারি কেইনের ইংল্যান্ড অথবা আর্লিং হাল্যান্ডের নরওয়ে।
সব বাধা পেরিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যদি আবারও ফাইনালে ওঠে, তবে মেগা ফাইনালে তাদের জন্য অপেক্ষা করতে পারে কিলিয়ান এমবাপের ফ্রান্স কিংবা স্পেন। টুর্নামেন্টের ছক অনুযায়ী, এই দুই পরাশক্তির সঙ্গে ফাইনালের আগে আর্জেন্টিনার দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই।