Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৮ জুলাই ২০২৬ | ০৬:৫৬ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় ৫ শিশুর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক ০৮ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মাদ্রাসার ভেতরে প্রায় ৩০ শিশু আটকা পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে কয়েক দিনের টানা ভারী বর্ষণে কক্সবাজারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

জেলার নয় উপজেলার অর্ধশতাধিক ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঈদগাঁও, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও টেকনাফের লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন।

গত দুই দিনে পাহাড়ধস ও ঘরধসের ঘটনায় জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আরও ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সব মিলিয়ে ৩৩ ঘণ্টায় ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগামী দুই থেকে তিন দিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে পাহাড়ধস ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়তে পারে।

মঙ্গলবার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় পাহাড়ধসে নাছিমা আক্তার লিমা (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্বামী জসিম উদ্দিন। এদিন উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের জামবাগান এলাকায় অতিবৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে মানিক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

এর আগে সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে টানা বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসে আট রোহিঙ্গার মৃত্যু হয়। একই সময়ে কক্সবাজার শহরে পাহাড়ধসে একজন এবং পেকুয়ায় মাটির ঘর ধসে এক শিশুর মৃত্যু হয়। সব মিলিয়ে গত দুই দিনে পাহাড়ধস ও ঘরধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

রোহিঙ্গা কো-অর্ডিনেশন প্ল্যাটফর্মের (আরসিপি) তথ্যমতে, ৪ জুলাই থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১০ জন। এ সময় ১৫ হাজার ৮১৩ জন ক্ষতিগ্রস্ত ও তিন হাজার ১৮২ জন বাস্তুচ্যুত হয়েছেন। একই সময়ে ক্যাম্পগুলোতে ১৬০টি দুর্যোগজনিত ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫২টি ভূমিধস, ১৪টি আকস্মিক বন্যা ও ৮৩টি ঝড়ের ঘটনা রয়েছে। এ ছাড়া এক হাজার ৬১৪টি আশ্রয় আংশিক এবং ১০টি আশ্রয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। --সংগৃহীত ছবি