গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পানির ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী সেকশনের শমসের পাড়া এলাকায় রেললাইনের ৫০০ মিটারের অধিক পানির নিচে ডুবে গেছে।
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে উক্ত স্থান পরিদর্শনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বুধবার (৮ জুলাই) সকালে তিনি উক্ত স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি রেল চলাচলের সার্বিক পরিস্থিতি, যাত্রীসেবা এবং নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করেন। এসময় তিনি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা করেন।
এসময়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীন,চীফকমার্শিয়াল ম্যানেজার সুজিত বিশ্বাস,প্রধান প্রকৌশলীসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় তাঁর সঙ্গে ছিলেন।
গত কয়েকদিনের ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী সেকশনের শমসের পাড়া এলাকায় রেললাইন এর আনুমানিক ৫০০ মিটার মঙ্গলবার থেকে (৭ জুলাই) দেড় থেকে দুই ফুট পানির নীচে নিমজ্জিত আছে । এমতাবস্থায় মঙ্গলবার কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা বাতিল করে আজ (বুধবার) বিকাল ০৪:০০ টায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
আজ (৮ জুলাই, বুধবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে । প্রাকৃতিক দুর্যোগমুক্ত হলে অর্থাৎ পানি নেমে গেলে রেলপথ পরিদর্শন সাপেক্ষে পুনরায় যথাশীঘ্র ট্রেন পরিচালনা করা হবে ।
এমতাবস্থায় যে সমস্ত যাত্রী তাঁদের গন্তব্যে যেতে না পেরে পথিমধ্যে আটকা পড়েছেন বাংলাদেশ রেলওয়ে তাঁদেরকে ট্রেনযোগে ঢাকায় ফেরত আসবার ব্যবস্থা গ্রহণ করেছে। আর যারা টিকেটের মূল্য ফেরত নিতে চান সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে তাঁদেরকে ভাড়ার টাকা ফেরত নেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। স্থগিতকৃত অন্যান্য যাত্রার টিকেটের মূল্যও যাত্রীগণ সংশ্লিষ্ট কাউন্টার থেকে ফেরত নিতে পারবেন।
আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে বাংলাদেশ রেলওয়ের সম্মানিত যাত্রীসাধারণের রেলযাত্রায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।