Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৩:৪১ পূর্বাহ্ন

ক্ষমতা হারানোর ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ : ফখরুল

অনলাইন ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৪

আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতা হারানোর ভয়ে এখন বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের খুন-জখমে আরো বেশি বেপরোয়া ও নৃশংস হয়ে উঠেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, চট্টগ্রামের রাউজানে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত ও পৈশাচিক হামলায় প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ মুছার মৃত্যু নিষ্ঠুর আওয়ামী শাসকগোষ্ঠীর নির্মমতার ইতিহাসে আরও একটি কলঙ্ক হিসেবে যোগ হলো।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের রাউজানে জুমার নামাজ পড়তে এসে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়ে মারা যান মোহাম্মদ মুছা নামের এক প্রবাসী বিএনপি নেতা। পরে তার মৃত্যুতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। আওয়ামী লীগের ঐতিহ্যই হলো জনগণের ক্ষমতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সন্ত্রাস আর খুনের মাধ্যমে ক্ষমতার মসনদে বসে দেশে ভয়াবহ দু:শাসন জারি রাখা।

মিথ্যা গলাবাজিই আওয়ামী লীগের শাসনের মূলমন্ত্র মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, মানুষের রক্তে হাত রাঙাতে এরা এতটাই নিষ্ঠুর যে, মানুষ হত্যা করে এরা উল্লসিত হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনকে কব্জায় নিয়ে ৭ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আওয়ামী শাসকগোষ্ঠী তীব্র মাত্রায় দাম্ভিক হয়ে উঠেছে।

দেশে আইনের শাসন নেই বলেই সরকারদলীয় সন্ত্রাসীরা হত্যা আর রক্তপাত ঘটালেও তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পার পেয়ে যাচ্ছে বলে দাবি করেন বিএনপির সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, ফলশ্রুতিতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নেমে এসেছে প্রাণবিনাশী সর্বনাশা আক্রমণ। তবে, কোনো কর্তৃত্ববাদী নিপীড়ক সরকার জনগণের উপর স্টিমরোলার চালিয়ে বেশিদিন টিকে থাকতে পারেনি। আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না।

বিবিএন/১৭ ফেব্রুয়ারি/এসডি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।