Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কোয়ার্টারে আর্জেন্টিনার সামনে আরেক ‘ভোজিনহা’

অনলাইন ডেস্ক 2026 FIFA World Cup

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। শেষ ষোলোর ম্যাচে সুইসদের জয়ের নায়ক বরুসিয়া ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল। 

টাইব্রেকারে হুয়ান কামিলো হার্নান্দেজের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিয়ে দলকে শেষ আটে তোলেন তিনি। আগামী রোববার কানসাস সিটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। এই ম্যাচেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বড় পরীক্ষা নিতে পারেন তিনি। 

২০২৪ সালের আগস্টে কিংবদন্তি গোলরক্ষক ইয়ান সোমারের অবসরের পর সুইজারল্যান্ডের গোলপোস্টের দায়িত্ব পান কোবেল। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে আছেন তিনি। গ্রুপ পর্বে কাতার, বসনিয়া ও কানাডা তার জালে বল পাঠালেও, নকআউট পর্বে আলজেরিয়া ও কলম্বিয়ার বিপক্ষে কোনো গোল হজম করেননি (ক্লিন শিট)। আসরে এখন পর্যন্ত ১৬টি দুর্দান্ত সেভ করেছেন তিনি, গোল খেয়েছেন মাত্র ৩টি।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগেও নিজের প্রস্তুতি সেরে রেখেছেন কোবেল। পুরো টুর্নামেন্টের জন্য তিনি মোট ৮ জোড়া গ্লাভস সঙ্গে এনেছেন, কারণ প্রতি ম্যাচের জন্য তিনি একদম নতুন এক জোড়া গ্লাভস ব্যবহার করেন। ফাইনাল পর্যন্ত যাওয়ার লক্ষ্য নিয়েই তার এই প্রস্তুতি।

সুইস সংবাদমাধ্যম ‘ব্লিক’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের সফলতার কিছু টোটকা ও রহস্য ফাঁস করেছেন কোবেল। ম্যাচের আগে গ্লাভসে ভ্যাসলিন মাখেন তিনি। আপাতদৃষ্টিতে অদ্ভুত মনে হলেও এর পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিশ্বকাপের ম্যাচগুলোতে সবসময় একদম নতুন বল ব্যবহার করা হয়। এই বলগুলোর ওপর একটা প্লাস্টিকের প্রলেপ থাকে, যা পানি লাগলে সাবানের মতো পিচ্ছিল হয়ে যায়। তাই বল গ্রিপে বা হাতের মুঠোয় রাখতে আমি ভ্যাসলিন ব্যবহার করি।’ অবশ্য আধুনিক ফুটবলে আরও অনেকেই এই ট্রিক ব্যবহার করেন।

টাইব্রেকারের আগে অনেক গোলরক্ষকই বোতল বা কাগজে প্রতিপক্ষ খেলোয়াড়দের পেনাল্টি মারার অভ্যাসের তালিকা (চিট শিট) লিখে রাখেন। কিন্তু কোবেল চলেন উল্টো পথে। তিনি কোনো চিরকুট ব্যবহার করেন না। কোবেল বলেন, ‘আমি কখনোই চিরকুট দেখে পেনাল্টি সেভ করি না। প্রতিপক্ষের পেনাল্টি নেওয়ার পরিসংখ্যানের পাশাপাশি আমি আমার নিজের ইনটুইশন বা সহজাত প্রবৃত্তির ওপর সবচেয়ে বেশি ভরসা করি।’

মেসি-আলভারেজদের গোল করতে হলে কোবেলের দেয়াল ভাঙতে হবে। আর ম্যাচ যদি টাইব্রেকারে গড়ায়, তবে আর্জেন্টাইন পেনাল্টি টেকারদের জন্য কোবেল যে এক বিশাল মনস্তাত্ত্বিক বাধা হয়ে দাঁড়াবেন, তা বলাই যায়।

এর আগে মিশর ম্যাচে দলটির গোলরক্ষক মোস্তফা শোবেইর দারুণ সব সেভ করেছিলেন। এ ছাড়া চলমান বিশ্বকাপে সবচেয়ে নজরকাড়া কেপ ভার্দের গোলকিপার ভোজিনহাও বেশ ভুগিয়েছে আর্জেন্টিনাকে। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news