Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৫ জুলাই ২০২৬
০৬:৩১ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে সরকার

অনলাইন ডেস্ক সংসদে প্রধানমন্ত্রী Tarique Rahman

বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বর্তমান সরকার। এমনটি জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

এদিন সংসদ অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রশ্নোত্তর পর্বের একপর্যায়ে ডেপুটি স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সম্পূরক প্রশ্ন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে দেখা গেছে, যারা সরকারে থাকে তারা দলীয় কিছু লোকদের মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করে। আবার সরকার পরিবর্তন হলে নতুন সরকার সেই তালিকা থেকে কিছু ছাঁটাই-বাছাই করে। স্বাধীনতার ৫৫ বছর পরও আজকে জাতি কেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা জানতে পারছে না, বর্তমান সরকারের প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা জাতির সামনে প্রকাশ করার কোনো পরিকল্পনা আছে কিনা?

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মাঠে থেকে যুদ্ধ করেছেন। শুধু তাই নয়, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। স্বাভাবিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনে-প্রাণে বিশ্বাস করে, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রতি তাদের পবিত্র একটি দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, দেশ স্বাধীনের পর একটি সঠিক ও নিরপেক্ষ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যাদের দায়িত্ব ছিল, তারা সেটি করেনি। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই তালিকা তৈরিতে নানা রকম সমস্যা তৈরি হয়েছে। তবে বর্তমানে সরকার বিশেষজ্ঞদের নিয়ে যাতে একটি পূর্ণাঙ্গ এবং সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যায় সেই চেষ্টা করছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news