Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৫ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চায়না দুয়ারীর ফাঁদে দুর্লভ প্রজাতির মেছো বিড়াল

অনলাইন ডেস্ক cute cat

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীর চর এলাকায় মাছ ধরার চায়না দুয়ারির ফাঁদে একটি মেছো বিড়াল আটকা পড়েছে। পরে বন বিভাগ বিড়ালটি উদ্ধার করে ফরিদপুরে নিয়ে যায়। এটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে অবস্থিত বন বিভাগের এলাকায় অবমুক্ত করার কথা রয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালেপুর সার্ভিস ঘাট এলাকার বাসিন্দা একলাছ ব্যাপারীর মাছ ধরার জন্য ব্যবহৃত চায়না দুয়ারিতে মেছো বিড়ালটি আটকা পড়ে। একলাছ ব্যাপারী চর শালেপুর মধ্য গ্রামের বাসিন্দা জালাল ব্যাপারীর ছেলে।

একলাছ ব্যাপারী জানান, সকাল ৮টার দিকে তিনি নদীতে ফেলে রাখা একটি চায়না দুয়ারিতে প্রাণীটি আটকা পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি প্রাণীটিকে বাঘের বাচ্চা বলে ধারণা করেন। পরে তিনি ও তার ভাই লুৎফর ব্যাপারী প্রাণীটিকে সার্ভিস ঘাট এলাকায় এনে বেঁধে রাখেন।

তিনি আরও জানান, প্রাণীটি উদ্ধার করার সময় তিনি ও তার ভাই নখের আঁচড় খান। পরে তারা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, বন বিড়ালের আঁচড়ে আহত ওই দুই ভাইকে বন্য প্রাণীর প্রতিষেধক পূর্ণমাত্রায় (চার দফায়) দেওয়া হবে।

খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে মেছো বিড়ালটি উদ্ধার করে ফরিদপুর নিয়ে আসেন।

চরভদ্রাসন উপজেলা বনকর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফজলে করিম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, প্রাণীটি বিপন্ন প্রজাতির একটি মেছো বিড়াল। এরা সাধারণত ইঁদুর, মাছ ও ছোট ছোট পাখি শিকার করে জীবিকা নির্বাহ করে। তিনি বলেন, বিড়ালটি আমরা উদ্ধার করে নিয়ে এসেছি। প্রাণীটিকে জেলা সামাজিক বন বিভাগে নেওয়া হবে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুর সদরের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তাওহীদ হোসেন বলেন, উদ্ধার হওয়া মেছো বিড়ালটির গড়ন মাঝারি। এটির বয়স আনুমানিক ছয় মাস থেকে এক বছর, দৈর্ঘ্য আনুমানিক দুই ফুট এবং ওজন প্রায় দুই কেজি।

তাওহীদ হোসেন আরও বলেন, আজ বুধবার সন্ধ্যা হয়ে যাওয়ায় মেছো বিড়ালটিকে আমাদের জিম্মায় রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এটিকে পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হবে। সুস্থ থাকলে ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে অবস্থিত সামাজিক বনায়ন প্রকল্পের এলাকায় অবমুক্ত করা হবে বিড়ালটি। তবে অসুস্থ থাকলে সুস্থ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news