সব ধর্মকে সমান সুযোগ দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।
তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বোদা উপজেলা ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া সন্ন্যাসীতলা শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিএনপিকে একটা গোষ্ঠী সবসময় ভিন্ন ধর্মালম্বীদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে। কিন্তু বিএনপি সবসময় সকল ধর্মের অধিকার রক্ষায় কাজ করেছে। আমরা সকল ধর্মকে সমান সুযোগ সুবিধা দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখব।
বোদা উপজেলা ময়দানদিঘী রথ পূজা উদযাপন কমিটি এ উৎসবের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, একজন মুসলমান এই দেশে যতটুকু সুযোগ-সুবিধা পাবেন, ঠিক ততটুকুই সনাতন ধর্মাবলম্বীসহ অন্য ধর্মের মানুষেরাও পাবেন। আমরা সব ধর্মের মানুষকে সম্মান করি, সব ধর্মের মানুষকে ধারণ করি। একে অপরের সুখ-দুঃখে পাশে থাকাতে বিশ্বাস করি। যার যার ধর্ম সে সে অন্তরের অন্তস্থ থেকে পালন করবে। বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়।
প্রতিমন্ত্রী আরও বলেন, রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। তিনি শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।
এ সময় বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ আসাদ সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেত্রীবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি বোদা উপজেলার ৩ নম্বর বেংহারী ইউনিয়নের বড়া পাড়ায় রথ যাত্রায় উপস্থিত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন।