Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৭ জুলাই ২০২৬ | ০৭:০১ অপরাহ্ন

জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দিলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক ১৭ জুলাই ২০২৬

উদ্বোধনী জুটিটাই যা একটু লড়াই করলো জিম্বাবুয়ে বোলারদের। দু’জন মিলে গড়েন ১২০ রানের জুটি। কিন্তু এক ওভারের ব্যবধানে এ দু’জনের বোল্ড হওয়ার পরই বদলে যায় বাংলাদেমের ব্যাটিংয়ের চিত্র। একে একে ৫টি উইকেট হারিয়ে বসে। এরপর ইয়াসির আলি রাব্বি ও সাইফউদ্দিনের ঝোড়ো ব্যাটিংয়ে ১৮৬ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ।

তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের শতরানের ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। কিন্তু এরপর দ্রুত কিছু উইকেট হারালে বড় সংগ্রহ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে শেষ ওভারে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে টানা ৪ ছক্কা হাঁকান সাইফউদ্দিন। এতে জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা।

বুলাওয়েওর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৪ বলে ৫৮ রান করেন তামিম। শেষদিকে ১০ বলে ৩১ রানের দুর্দান্ত ক্যামিও খেলেন সাইফউদ্দিন।

এর আগে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান তোলে বাংলাদেশ। সাইফ হাসান ইনিংসের শুরুতেই ৮, ১৭ ও ১৯ রানে জীবন পান। পরে ৩৭ ও ৪৬ রানেও ক্যাচ ফেলেন জিম্বাবুয়ের ফিল্ডাররা। পাঁচবার জীবন পাওয়ার পর ৪২ বলে ফিফটি স্পর্শ করেন এই ওপেনার।

অন্য প্রান্তে শুরু থেকেই আগ্রাসী ছিলেন তানজিদ হাসান তামিম। ৩৩ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি। টি-টোয়েন্টিতে এটি তার ক্যারিয়ারের ১২তম ফিফটি। সাইফ-তানজিদের ১০০ রানের জুটি আসে মাত্র ৭৩ বলে, যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে পঞ্চম শতরানের উদ্বোধনী জুটি।

১৫তম ওভারে সিকান্দার রাজা ভাঙেন ১২০ রানের উদ্বোধনী জুটি। স্টাম্পে থাকা বল স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন সাইফ। ৪৫ বলে ৫৫ রানের ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা।

পরের ওভারেই জোড়া আঘাত হানেন রিচার্ড এনগারাভা। ৪৪ বলে ৫৮ রান করা তানজিদ বোল্ড হওয়ার পর বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন তাওহীদ হৃদয়। শেষদিকে ব্র্যাড ইভান্সও জোড়া উইকেট তুলে নেন। পারভেজ হোসেন সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন, আর শর্ট বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন নুরুল হাসান সোহান। তবে তার ওভারে ১৩ রানও আদায় করে বাংলাদেশ। আচমকা ৪১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

এরপর গত ম্যাচে ফিফটি করা ইয়াসির রাব্বি ও সাইফুদ্দিন ১৯ বলে ৪৫ রানের জুটি গড়েন। এর মধ্যে শেষ ওভারের প্রথম ৪বলে টানা ছক্কা হাঁকান সাইফউদ্দিন। তার ১০ বলে ৩১ রানের সঙ্গে রাব্বি করেন ১২ বলে ৩ ছক্কা ও ১ চারে ২২ রান।

--সংগৃহীত ছবি