নিট প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এ ধরনের প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ করা একটি জাতীয় দায়িত্ব। মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকের পর প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এ তথ্য জানিয়েছেন।
রিজিজু বলেন, প্রধানমন্ত্রী একটি ত্রুটিহীন পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, আইন প্রণয়নসংক্রান্ত কাজে সমর্থন জানাতে এনডিএ জোটের শরিকদের ঐক্যবদ্ধ থাকার এবং বিরোধী দলগুলোর প্রতি সংসদে গঠনমূলকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের ভবিষ্যৎ ও যুবসমাজের কল্যাণে কাজ করার যৌথ দায়িত্ব সব সংসদ সদস্যেরই রয়েছে।
সংসদ অভিমুখে মিছিল করার সময় শত শত বিক্ষোভকারীকে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার একদিন পর মোদির এ মন্তব্য এসেছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেকার যুবকদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করার পর মে মাসে ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) গঠিত হয়। প্ল্যাটফর্মটির নেতৃত্বে প্রতিবাদী শিক্ষার্থীরা নিট প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।
রিজিজু বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর সামনে আসার পরপরই সরকার ব্যবস্থা নিয়েছে। এর ফলে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিজিজু আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে অবিলম্বে পুনঃপরীক্ষা নেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি