Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সেলুন কর্মী 'সুকান্ত' হত্যার পলাতক আসামি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Fugitive accused in 'Sukant' murder arrested

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সেলুন কর্মী কিশোর সুকান্ত দে (১৫) হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি বেলাল উদ্দিনকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। সোমবার ২১ জুলাই দুপুরে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বেলাল সমিতিপাড়ার (বাগানপাড়া) নুর মোহাম্মদের পুত্র।

ঘটনার নেপথ্য ও হত্যাকাণ্ড : মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইটপাটকেল, রামদা ও লাঠিসোটার আঘাতে উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ গুরুতর আহত হন।

সংঘর্ষ চলাকালে সমিতিপাড়াস্থ একটি সেলুনে কাজ করা কিশোর সুকান্ত দে (পিতা-মৃত সুকুমার কান্তি দে) দোকান থেকে বের হলে হামলাকারীরা রামদা, ধারালো ছুরি, লোহার রড ও লাঠি নিয়ে তার ওপর অতর্কিত আক্রমণ চালায়। আসামিদের হামলায় সুকান্তের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তার মৃত্যু হয়।

উক্ত ঘটনায় নিহতের মা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (মামলা নং-৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২৪) দায়ের করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন।

অভিযান ও আসামির অতীত রেকর্ড : আসামিদের গ্রেফতারে র‍্যাব নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে ২১ জুলাই দুপুরে খবর আসে, মামলার অন্যতম এজাহারনামীয় আসামি বেলাল বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতার বেলাল এলাকার একজন চিহ্নিত দাঙ্গা-হাঙ্গামাকারী ও পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যা, মারামারি, মারাত্মক জখম, বিস্ফোরক ও অগ্নিসংযোগ এবং যৌতুক আইনসহ মোট ৪টি মামলা রয়েছে। 

অভিযানের বিষয় নিশ্চিত করে র‍্যাব-১৫ জানায়, গ্রেফতার বেলালকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news