জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে ট্রাইব্যুনালে এ অভিযোগ জমা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় বহু মানুষের প্রাণহানির ঘটনায় রাষ্ট্রের তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মো. সাহাবুদ্দিন প্রয়োজনীয় সাংবিধানিক দায়িত্ব পালন করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া ৫ আগস্ট পর্যন্ত গুম, আয়নাঘর ও হত্যার মতো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে বাংলাদেশ আজাদ পার্টির নেতারা বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের সহিংসতা, গুম ও খুনসহ বিভিন্ন আলোচিত ঘটনার সময় আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন।
অভিযোগে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ নীতি অনুযায়ী, গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হলে দায়িত্বশীল সর্বোচ্চ কর্তৃপক্ষও জবাবদিহির আওতায় আসতে পারেন। সে বিবেচনায় রাষ্ট্রপ্রধান ও তিন বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তারা অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেননি, বরং তৎকালীন সরকারকে সহযোগিতা ও সুরক্ষা দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক আরেকটি অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম।